Al-'Alaq العلق
19 verses · makkah
পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন –
সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ হতে।
পড়ুন, আর আপনার রব মহামহিমান্বিত
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন –
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
বাস্তবেই, মানুষ সীমালঙ্ঘনই করে থাকে,
কারণ সে নিজকে অমুখাপেক্ষী মনে করে।
নিশ্চয় আপনার রবের কাছেই ফিরে যাওয়া।
আমাকে জানাও (এবং আশ্চর্য হও) তার সম্পর্কে, যে বাধা দেয়
এক বান্দাকে- যখন তিনি সালাত আদায় করেন।
আমাকে বল! যদি তিনি হিদায়াতের উপর থাকেন
অথবা তাক্ওয়ার নির্দেশ দেন; (তারপরও সে কিভাবে বাধা দেয়?!)
আমাকে বল! যদি সে (নিষেধকারী) মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়,
সে কি জানে না যে, নিশ্চয় আল্লাহ্ দেখেন ?!
কখনো নয়, সে যদি বিরত না হয় তবে আমরা তাকে অবশ্যই হেঁচড়ে নিয়ে যাব, মাথার সামনের চুলের গুচ্ছ ধরে-----
মিথ্যাচারী, পাপিষ্ঠ সম্মুখ-চুলের-গুচ্ছ।
অতএব সে তার পারিষদকে ডেকে আনুক !
শীঘ্রই আমরা ডেকে আনব যাবানিয়াদেরকে।
কখনো নয়! আপনি তার অনুসরণ করবেন না। আর আপনি সাজ্দা করুন এবং নিকটবর্তী হোন।
Bengali: Dr. Abu Bakr Muhammad Zakaria · Dr. Abu Bakr Muhammad Zakaria