'Abasa عبس
42 verses · makkah
তিনি ভ্ৰকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন ,
কারণ তাঁর কাছে অন্ধ লোকটি আসল।
আর কিসে আপনাকে জানাবে যে, --- সে হয়ত পরিশুদ্ধ হত
অথবা উপদেশ গ্ৰহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।
আর যে পরোয়া করে না
আপনি তার প্রতি মনোযোগ দিয়েছেন।
অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে আপনার কোনো দায়িত্ব নেই,
অপরদিকে যে আপনার কাছে ছুটে এলো,
আর সে সশঙ্কচিত্ত,
আপনি তার থেকে উদাসীন হলেন;
কখনো নয়, এটা তো উপদেশ বাণী,
কাজেই যে ইচ্ছে করবে সে এটা স্মরণ রাখবে,
এটা আছে মর্যাদা সম্পন্ন লিপিসমূহে
যা উন্নত, পবিত্ৰ,
লেখক বা দূতদের হাতে।
(যারা) মহাসম্মানিত ও নেককার।
মানুষ ধ্বংস হোক! সে কত অকৃতজ্ঞ!
তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন?
শুক্রবিন্দু থেকে, তিনি তাকে সৃষ্টি করেন, পরে তার পরিমিত বিকাশ সাধন করেন,
তারপর তার জন্য পথ সহজ করে দেন;
এরপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।
এরপর যখন ইচ্ছে তিনি তাকে পুনর্জীবিত করবেন।
কখনো নয়, তিনি তাকে যা আদেশ করেছেন, সে এখনো তা পূর্ণ করেনি।
অতঃপর মানুষ যেন তার খাদ্যের প্রতি লক্ষ্য করে !
নিশ্চয় আমরা প্রচুর বারি বর্ষণ করি,
তারপর আমরা যমীনকে যথাযথভাবে বিদীর্ণ করি;
অতঃপর তাতে আমরা উৎপন্ন করি শস্য;
আঙ্গুর, শাক-সব্জি,
যায়তূন, খেজুরগাছ,
অনেক গাছবিশিষ্ট উদ্যান,
ফল এবং গবাদি খাদ্য,
এগুলো তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের ভোগের জন্য।
অতঃপর যখন তীক্ষ্ন আওয়াজ আসবে,
সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে
এবং তার মাতা, তার পিতা,
তার পত্নী ও তার সন্তান থেকে,
সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে।
অনেক চেহারা সেদিন হবে উজ্জ্বল,
সহাস্য ও প্রফুল্ল,
আর অনেক চেহারা সেদিন হবে ধূলিধূসর
সেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা।
এরাই কাফির ও পাপাচারী।
Bengali: Dr. Abu Bakr Muhammad Zakaria · Dr. Abu Bakr Muhammad Zakaria