An-Naba النبإ
40 verses · makkah
তারা একে অন্যের কাছে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
মহাসংবাদটির বিষয়ে,
যে বিষয়ে তারা মতানৈক্য করছে,
কখনো না, তারা অচিরেই জানতে পারবে;
তারপর বলি কখনো না, তারা অচিরেই জানতে পারবে।
আমরা কি করিনি যমীনকে শয্যা
আর পর্বতসমূহকে পেরেক ?
আর আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়,
আর তোমাদের ঘুমকে করেছি বিশ্ৰাম,
আর করেছি রাতকে আবরণ,
আর করেছি দিনকে জীবিকা আহরণের সময়,
আর আমরা নির্মাণ করেছি তোমাদের উপরে সুদৃঢ় সাত আকাশ
আর আমরা সৃষ্টি করেছি প্রোজ্জ্বল দীপ।
আর আমরা বর্ষণ করেছি মেঘমালা হতে প্রচুর বারি,
যাতে তা দ্বারা আমরা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ
ও ঘন সন্নিবিষ্ট উদ্যান।
নিশ্চয় নির্ধারিত আছে বিচার দিন;
সেদিন শিংগায় ফুঁক দেয়া হবে তখন তোমরা দলে দলে আসবে,
আর আকাশ উন্মুক্ত করা হবে, ফলে তা হবে বহু দ্বারবিশিষ্ট।
আর চলমান করা হবে পর্বতসমূহকে, ফলে সেগুলো হয়ে যাবে মরীচিকা,
নিশ্চয় জাহান্নাম ওৎ পেতে অপেক্ষমান;
সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল।
সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে।
সেখানে তারা আস্বাদন করবে না শীতলতা, না কোনো পানীয়---
ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া;
এটাই উপযুক্ত প্রতিফল।
নিশ্চয় তারা কখনো হিসেবের আশা করত না,
আর তারা আমাদের নিদর্শনাবলীতে কঠোরভাবে মিথ্যারোপ করেছিল।
আর সবকিছুই আমরা সংরক্ষণ করেছি লিখিতভাবে।
অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, আমরা তো তোমাদের শাস্তিই শুধু বৃদ্ধি করব।
নিশ্চয় মুত্তাকীদের জন্য আছে সাফল্য,
উদ্যানসমূহ, আঙ্গুরসমূহ,
আর সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী
এবং পরিপূর্ণ পানিপাত্র।
সেখানে তারা শুনবে না কোনো অসার ও মিথ্যা বাক্য;
আপনার রবের পক্ষ থেকে পুরস্কার, যথোচিত দানস্বরূপ,
যিনি আসমানসমূহ, যমীন ও এ দু’য়ের মধ্যবর্তী সমস্ত কিছুর রব, দয়াময়; তাঁর কাছে আবেদন-নিবেদনের শক্তি তাদের থাকবে না।
সেদিন রূহ্ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁরাবে; সেদিন কেউ কথা বলবে না, তবে ‘রহমান’ যাকে অনুমতি দেবেন সে ছাড়া এবং সে সঠিক কথা বলবে।
এ দিনটি সত্য; অতএব, যার ইচ্ছে সে তার রবের নিকট আশ্রয় গ্ৰহণ করুক।
নিশ্চয় আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম; যেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে এবং কাফির বলবে, ‘হায়! আমি যদি মাটি হতাম !’
Bengali: Dr. Abu Bakr Muhammad Zakaria · Dr. Abu Bakr Muhammad Zakaria