Al-Qiyamah القيامة
40 verses · makkah
আমি শপথ করছি কিয়ামতের দিনের,
আমি আরও শপথ করছি ভর্ৎসনাকারী আত্মার।
মানুষ কি মনে করে যে, আমরা কখনোই তার অস্থিসমূহ একত্র করতে পারব না?
অবশ্যই হ্যাঁ, আমরা তার আঙ্গুলের আগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম।
বরং মানুষ তার ভবিষ্যতেও পাপাচার করতে চায়।
সে প্রশ্ন করে, ‘কখন কিয়ামতের দিন আসবে?’
যখন চোখ স্থির হয়ে যাবে,
এবং চাঁদ হয়ে পড়বে কিরণহীন,
আর যখন সূর্য ও চাঁদকে একত্র করা হবে –
সেদিন মানুষ বলবে, ‘আজ পালানোর স্থান কোথায়?’
কখনোই নয়, কোনো আশ্রয়স্থল নেই।
সেদিন ঠাঁই হবে আপনার রবেরই কাছে।
সেদিন মানুষকে অবহিত করা হবে সে কী আগে পাঠিয়েছে ও কী পিছনে রেখে গেছে।
বরং মানুষ নিজের সম্পর্কে সম্যক অবগত ,
যদিও সে নানা অজুহাতের অবতারণা করে।
তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি তা নিয়ে আপনার জিহ্বাকে দ্রুত সঞ্চালন করবেন না।
নিশ্চয় এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমাদেরই।
কাজেই যখন আমরা তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন,
তারপর তার বর্ণনার দায়িত্ব নিশ্চিতভাবে আমাদেরই।
কখনো না, বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালবাস
আর তোমরা আখেরাতকে উপেক্ষা কর।
সেদিন কোনো কোনো মুখমণ্ডল উজ্জ্বল হবে,
তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে।
আর কোনো কোনো মুখমণ্ডল হয়ে পড়বে বিবর্ণ,
আশংকা করবে যে, এক ধ্বংসকারী বিপর্যয় তাদের উপর আপতিত হবে।
অবশ্যই, যখন প্ৰাণ কণ্ঠাগত হবে
এবং বলা হবে, ‘কে তাকে রক্ষা করবে?’
তখন তার প্রত্যয় হবে যে, এটা বিদায়ক্ষণ।
আর পায়ের গোছার সঙ্গে পায়ের গোছা জড়িয়ে যাবে।
সেদিন আপনার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেয়া হবে।
সুতরাং সে বিশ্বাস করে নি এবং সালাতও আদায় করে নি।
বরং সে মিথ্যারোপ করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল।
তারপর সে তার পরিবার পরিজনের কাছে চলে গিয়েছিল অহংকার করে,
দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ !
আবার দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ !
মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে ?
সে কি বীর্যের স্থলিত শুক্রবিন্দু ছিল না?
তারপর সে ‘আলাকা’য় পরিণত হয়। অতঃপর আল্লাহ্ তাকে সৃষ্টি করেন এবং সুঠাম করেন।
অতঃপর তিনি তা থেকে সৃষ্টি করেন যুগল--- নর ও নারী।
তবুও কি সে স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করতে সক্ষম নন?
Bengali: Dr. Abu Bakr Muhammad Zakaria · Dr. Abu Bakr Muhammad Zakaria