An-Najm النجم
62 verses · makkah
শপথ নক্ষত্রের, যখন তা হয় অস্তমিত,
তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপথগামীও নয়,
আর তিনি মনগড়া কথা বলেন না।
তাতো কেবল ওহী, যা তার প্রতি ওহীরূপে প্রেরিত হয়,
তাকে শিক্ষা দান করেছেন প্ৰচণ্ড শক্তিশালী,
সৌন্দর্যপূর্ণ সত্তা। অতঃপর তিনি স্থির হয়েছিলেন,
আর তিনি ছিলেন ঊর্ধ্বদিগন্তে,
তারপর তিনি তার কাছাকাছি হলেন, অতঃপর খুব কাছাকাছি,
ফলে তাদের মধ্যে দু ধনুকের ব্যবধান রইল অথবা তারও কম।
তখন আল্লাহ্ তাঁর বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন
যা তিনি দেখেছেন, তার অন্তঃকরণ তা মিথ্যা বলেনি;
তিনি যা দেখেছেন তোমরা কি সে বিষয়ে তাঁর সঙ্গে বিতর্ক করবে?
আর অবশ্যই তিনি তাকে আরেকবার দেখেছিলেন
‘সিদরাতুল মুন্তাহা’ তথা প্রান্তবর্তী কুল গাছ এর কাছে,
যার কাছে জান্নাতুল মা’ওয়া অবস্থিত।
যখন কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল,
তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয়নি।
অবশ্যই তিনি তার রবের মহান নিদর্শনাবলীর কিছু দেখেছিলেন;
অতএব, তোমরা আমাকে জানাও ‘লাত’ ও ‘উযযা' সম্পর্কে
এবং তৃতীয় আরেকটি ‘মানাত’ সম্পর্কে?
তবে কি তোমাদের জন্য পুত্ৰ সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান?
এ রকম বন্টন তো অসঙ্গত।
এগুলো কিছু নাম মাত্র যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা রেখেছ, যার সমর্থনে আল্লাহ্ কোনো দলীলপ্রমাণ নাযিল করেননি। তারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে হেদায়াত এসেছে।
মানুষ যা চায় তাই কি সে পায়?
বস্তুতঃ আখেরাত ও দুনিয়া আল্লাহ্রই
আর আসমানসমূহে বহু ফিরিশতা রয়েছে; তাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হবে না, তবে আল্লাহর অনুমতির পর, যার জন্য তিনি ইচ্ছে করেন ও যার প্রতি তিনি সন্তুষ্ট।
নিশ্চয় যারা আখিরাতের উপর ঈমান আনে না তারাই নারীবাচক নাম দিয়ে থাকে ফিরিশতাদেরকে;
অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই, তারা তো শুধু অনুমানেরই অনুসরণ করে; আর নিশ্চয় অনুমান সত্যের মোকাবিলায় কোনই কাজে আসে না।
অতএব, আপনি তাকে উপেক্ষা করে চলুন যে আমাদের স্মরণ থেকে বিমুখ হয় এবং কেবল দুনিয়ার জীবনই কামনা করে।
এটাই তাদের জ্ঞানের শেষ সীমা। নিশ্চয় আপনার রব, তিনিই ভাল জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে হেদায়াতপ্ৰাপ্ত হয়েছে।
আর আসমানসমূহে যা কিছু আছে ও যমীনে যা কিছু আছে তা আল্লাহ্রই। যাতে তিনি তাদের কাজের প্রতিফল দিতে পারেন যারা মন্দ কাজ করে এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার দিতে পারেন যারা সৎকাজ করে,
যারা বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে, ছোটখাট অপরাধ ব্যতীত। নিশ্চয় আপনার রবের ক্ষমা অপরিসীম; তিনি তোমাদের সম্পর্কে সম্যক অবগত---যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মাটি হতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। অতএব, তোমরা আত্মপ্ৰশংসা করো না, তিনিই সম্যক জানেন তার সম্পর্কে যে তাকওয়া অবলম্বন করেছে।
আপনি কি দেখেছেন সে ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নেয়;
এবং দান করে সামান্যই, পরে বন্ধ করে দেয়?
তার কাছে কি গায়েবের জ্ঞান আছে যে, সে প্রত্যক্ষ করে?
নাকি তাকে জানানো হয়নি যা আছে মূসার সহীফায়,
এবং ইবরাহীমের সহীফায়, যিনি পূর্ণ করেছিলেন (তার অঙ্গীকার)?
তা এই যে, কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না,
আর এই যে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে,
আর এই যে, তার প্রচেষ্টার ফল শিঘ্রই দেখা যাবে---
তারপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিদান,
আর এই যে, সবার শেষ গন্তব্য তো আপনার রবের কাছে,
আর এই যে, তিনিই হাসান এবং তিনিই কাঁদান,
আর এই যে, তিনিই মারেন এবং তিনিই বাঁচান,
আর এই যে, তিনিই সৃষ্টি করেন যুগল---পুরুষ ও নারী
শুক্রবিন্দু হতে, যখন তা স্থলিত হয়,
আর এই যে, পুনরুত্থান ঘটানোর দায়িত্ব তাঁরই,
আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন এবং সম্পদ দান করেন,
আর এই যে, তিনি শি’রা নক্ষত্রের রব।
আর এই যে, তিনিই প্রাচীন ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন,
এবং সামূদ সম্প্রদায়কেও; অতঃপর কাউকেও তিনি বাকী রাখেননি ---
আর এদের আগে নূহের সম্প্রদায়কেও, নিশ্চয় তারা ছিল অত্যন্ত যালিম ও চরম অবাধ্য।
আর তিনি উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করেছিলেন।
অতঃপর সেটাকে আচ্ছন্ন করল যা আচ্ছন্ন করার!
সুতরাং (হে মানুষ!) তুমি তোমার রবের কোন্ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে?
এ নবীও অতীতের সতর্ককারীদের মতই এক সতর্ককারী।
কিয়ামত আসন্ন,
আল্লাহ ছাড়া কেউই এটা প্রকাশ করতে সক্ষম নয়।
তোমরা কি এ কথায় বিস্ময় বোধ করছ !
আর হাসি-ঠাট্টা করছ ! এবং কাঁদছো না?
আর তোমরা উদাসীন,
অতএব আল্লাহকে সাজদা কর এবং তাঁর ‘ইবাদাত কর।
Bengali: Dr. Abu Bakr Muhammad Zakaria · Dr. Abu Bakr Muhammad Zakaria